২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র সম্মেলন ৫ জানুয়ারি থেকে শুরু

ধানমণ্ডির গ্যাটে ইনস্টিটিউটে ৫ জানুয়ারিতে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 03:49 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহবুব জামিল। বিকাল ৫ টায় অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অবু সায়ীদের ‘শংখনাদ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন ৬ জানুয়ারি সকাল ১০ টায় ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পঞ্চাশ বছর: প্রাপ্তি অপ্রাপ্তি’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক অনুপম হায়ৎ। এ প্রবন্ধের ওপর বিশ্লেষণমূলক আলোকপাত করবেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চলচ্চিত্রকার সুভাষ দত্ত।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ১১ টা ৪৫ মিনিটে ‘সমাজ জীবনে চলচ্চিত্রের প্রভাব’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক গীতিআরা নাসরিন। চলচ্চিত্রকার বাদল রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধের বিশ্লেষণ করবেন জাকির হোসেন রাজু।

এছাড়া এদিন বেলা ২ টা ১৫ মিনিটে চলচ্চিত্রকার তারেক মাসুদ ‘টেলিভিশন চ্যানেলের চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। এ প্রবন্ধের ওপর বিশ্লেষণমূলক আলোচনা করবেন মুস্তাফা সারোয়ার ফারুকী। এ পর্বের সভাপতিত্ব করবেন ফরিদুর রেজা সাগর।

দ্বিতীয় দিনে বিকাল চারটায় ‘বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। এ প্রবন্ধের ওপর বিশেষ আলোচনা করবেন কাওসার চৌধুরী। এ পর্বে সভাপতিত্ব করবেন ফুয়াদ চৌধুরী।

জাতীয় চলচ্চিত্র সম্মেলনের শেষদিন ৭ জানুয়ারি সকাল দশটায় ‘চলচ্চিত্রে নারী নির্মাতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্রকার শামীম আকতার। এ প্রবন্ধের ওপর বিশ্লেষণমূলক আলোচনা করবেন ক্যাথরিন মাসুদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ফেরদৌস আজিম।

শেষদিনে দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে ১১ টা ৪৫ মিনিটে ‘আমাদের দেশের চলচ্চিত্র সমালোচনার ধারা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন সাজেদুল আওয়াল। এ বিষয়ে বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুস সেলিম। এ পর্বে সভাপতিত্ব করবেন অধ্যাপক কবীর চৌধুরী।

শেষদিন ২ টা ১৫ মিনিটে মাহবুব জামিলের সভাপতিত্বে আমিনুল ইসলাম খোকনের ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক প্রবন্ধের ওপর বিশ্লেষণমূলক আলোকপাত করবেন আহমেদ মুজতাবা জামাল।

সম্মেলনের শেষদিন সমাপনী অনুষ্ঠানে ড. সিরাজুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি এবং জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক টরস্টেন ওয়েরটেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবিটি প্রদর্শিত হবে।