মৌলভীবাজারের নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
শেভরনের মৌলভীবাজার গ্যাস ফিল্ডের ৫ নং কূপ বুধবার থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে।
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ হবে।
গত ২১ মার্চ উৎপাদন শুরু হওয়ার পর মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে ১১২ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছিল।
নতুন কূপ থেকে উৎপাদন শুরুর ফলে এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে ১৩২ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হচ্ছে।
বৃহস্পতিবার ৫ নং কূপ থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৫ এপ্রিল মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেশের ১৩ নং ব্লকের এই গ্যাস ক্ষেত্রটি ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে আবিষ্কার হয়। এখানে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ ৪০০ বিসিএফ (বিলিয়ন ঘনফুট)। প্রায় ৪৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে শেভরন (ইউনোকল) গ্যাস ক্ষেত্রটি উন্নয়ন করে।
এই ফিল্ডে গ্যাসের শেয়ার অনুপাত হচ্ছে পেট্রোবাংলা ৭০ - ৭৫ শতাংশ এবং শেভরন ৩০ থেকে ২৫ শতাংশ।
