২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় হাজীদের আবাসিক ভবন ধসে বহু প্রাণহানির আশঙ্কা

সৌদি আরবের মক্কায় বৃহস্পতিবার হাজীদের একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় বাংলাদেশী কোনো হাজী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তুপের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধসে পড়া পাঁচতলা আল ঘাজা হোটেলটি বাব আল-সালামের মূল মসজিদ থেকে প্রায় ৬০ মিটার দূরে অবস্থিত। তবে অনেকে এটিকে লৌলোয়াত আল-খের বলে উল্লেখ করেন।

বাংলাদেশী কোনো হাজী হতাহত হয়েছেন কিনা তা জানতে ঘটনাস্থলে হাজির হওয়া বাংলাদেশের হজ কর্মকর্তারা অনলাইনে জানান, এটি ছিলো শপিং কমপ্লেক্স ঘাজা। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলটি  ঘিরে রেখেছে বলে তারা জানান।

কয়েকজন মক্কাবাসী জানান, ঘটনার সময় প্রায় ৩০ জন লোক ভবনে অবস্থান করছিলো। এদের বেশিরভাগই মিশর, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বলে তারা ধারণা করছেন। আল জাজিরা টেলিভিশন জানায়, দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-তুর্কী বার্তা সংস্থাকে জানান, আমরা এখনও নিশ্চিতভাবে জানিনি এ ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন। তাছাড়া আদৌ সেখানে কোনো হাজী ছিল কিনা তাও আমরা জানতে পারিনি।

সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের সংখ্যা জানাতে পারেনি তারা। অন্যদিকে প্যান-আরব টেলিভিশন জানায়, নিহত ও আহতের সংখ্যা অনেক।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম মক্কায় আসতে শুরু করেছে। রোববারের মধ্যে প্রায় ২৫ লাখ মুসলিম মক্কায় উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে এবার বাংলাদেশ থেকে যাচ্ছেন ৫০ হাজারের বেশি হাজী।

ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান বলেন, দুর্ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশী কর্মকর্তা এবং সৌদি কর্মকর্তাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ নেই। তবে যতদূর জানা গেছে, এ ঘটনায় কোনো বাংলাদেশী হতাহত হয়নি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) এসএম ইকরামুল হক বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা আমাদের হজ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ঘটনায় বাংলাদেশী কোনো হাজী হতাহত হয়নি বলে তারা জানিয়েছেন।

ঢাকায় হজ তথ্য কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, ঘটনার পরপরই বাংলাদেশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে এখন পর্যন্ত হতাহতের মধ্যে বাংলাদেশী কোনো হাজী থাকার খবর তারা পাননি।

গত কয়েক বছর ধরে মক্কায় হাজীদের সংখ্যা বেড়েছে। সে সময়ে সৌদি সরকার হাজীদের থাকা, যাতায়াত ও চিকিৎসা সেবার উন্নয়নে লাখ লাখ ডলার খরচ করেছে।

মুসলিমদের মেনে চলার জন্যে ইসলাম পাঁচটি স্তম্ভ ঠিক করে দেয়। এগুলো হচ্ছে, কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত।