সংসদ থেকে পদত্যাগ ও সরকার পতনের আন্দোলন বেগবান করার প্রস্তুতি নিচ্ছে আ.লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ ও জোট সরকার পতনের আন্দোলনকে বেগবান করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন সংসদ অধিবেশনে যোগদানের চেয়ে তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে পদত্যাগ ও আন্দোলন জোরদার করা।
একযোগে পদত্যাগের পর যাতে উপনির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, সেজন্যে ১৪ দলের চলমান ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও জোরদার করা হবে।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, সরকার পতন আন্দোলনের চূড়ান্ত কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী দলের দাবি মেনে নির্বাচনের জন্যে সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করবে।
আওয়ামী লীগের নয়, এমন অনেক সাংসদও সংসদের মেয়াদ পূর্তির আগেই বিরোধী দলের সঙ্গে একাত্মতা জানিয়ে পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে আসার ব্যাপারে তাদের সম্মতি দিয়েছেন।
শেখ হাসিনা হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার আগে মঙ্গলবার রাতে ১৪ দলের এক সভায় এ নিয়ে আলোচনা করেন। সভা শেষে এ ব্যাপারে জানতে চাওয়া হলে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, আমরা সংসদে যোগ দেবো নাকি পদত্যাগ করে বেরিয়ে আসবো, তা সময় এলেই সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আর মাত্র ১৩ কার্যদিবস অনুপস্থিত থাকলেই তার সদস্যপদ চলে যাবে। সংসদ বর্জনরত দলের বাকি সদস্যরাও আছেন সদস্যপদ হারানোর ঝুঁকির মুখে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সাংসদদের পদত্যাগপত্র ইতোমধ্যেই দলীয় প্রধান শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। প্রয়োজন হলেই তিনি এটি কার্যকর করতে পারবেন।
এর আগে আগামী ২৩ জানুয়ারি পল্টন ময়দানে সমাবেশ ও গণমিছিল এবং ৫ ফেব্রুয়ারি ‘চলো চলো - ঢাকা চলো’ স্লোগানে লংমার্চ এর পর ১৪ দল সর্বাত্মক আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, সরকারের বিরুদ্ধে গণজাগরণের অংশ হিসেবে লংমার্চ কর্মসূচি সফল করে চূড়ান্ত বিজয়ের লড়াই শুরু হবে।
সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের পক্ষে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ হঠাৎ করেই সংসদ থেকে পদত্যাগ করবে।
অন্যদিকে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করতে পারলে দেশ ও জাতির স্বার্থে কী কী করবে, রাষ্ট্র পরিচালনায় জাতীয় নীতিমালা কী হবে, তা নির্ধারণ করে ১৪ দল ইতোমধ্যেই ২৩ দফা সংবলিত ন্যুনতম জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অনিশ্চিত পথের দিকে নিয়ে যাচ্ছে তারা। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করে আমরা দেশ ও জাতিকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করবো। ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ব্যতিরেকে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ থেকে পদত্যাগের ব্যাপারে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট সরকার জাতীয় সংসদকে দলীয় ‘ডিবেটিং সোসাইটি’তে পরিণত করেছে। অকার্যকর এই সংসদ থেকে কখন বের হয়ে আসবো, সময়ই তা বলে দেবে।
সংসদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট বিডিনিউজকে বলেন, সরকার পতনের আন্দোলন চাঙ্গা হলেই পরিস্থিতি বুঝে আমরা পদত্যাগ করবো। তবে আমাদের ছেড়ে আসা আসনে উপনির্বাচনের কোনো সুযোগ সরকারকে দেওয়া হবে না। তিনি বলেন, দলের সিদ্ধান্ত হলেই আমরা সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসবো। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, সরকার জাতীয় সংসদকে সম্পূর্ণ অকার্যকর করে রেখেছে। তাই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে যে কোনো মুহূর্তে পদত্যাগের জন্য আমরা প্রস্তুত। তবে শুধু আমরা পদত্যাগ করলেই হবে না। বর্তমান অচল ও অকার্যকর সংসদকে বিলুপ্ত করতে হবে। আমরা চাই অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নির্বাচন। তার আগে বিরোধী দলের উত্থাপিত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চাই।
তিনি বলেন, বছর দু’য়েক আগেই আমাদের পদত্যাগপত্র দলীয় প্রধানের কাছে জমা দিয়ে রেখেছি। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রয়োজন হলেই এটি কার্যকর করবেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজকে জানায়, সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগসহ বিরোধী দল নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। এর অংশ হিসেবে একদিকে রাজপথের আন্দোলন জোরদার। অন্যদিকে সংসদ থেকে পদত্যাগ করে স্থায়ী ভাবে বেরিয়ে আসার জন্যে প্রায় প্রস্তুত প্রধান বিরোধী দল।
সূত্র জানায়, বিরোধী দলের দাবি আমলে না নিলেও সাম্প্রতিক ঘটনাবলীতে খোদ সরকারের মধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তারা চরম হিমশিম খাচ্ছে। জোটের মন্ত্রী ও নীতি নির্ধারক নেতৃত্বেও মত পার্থক্য সৃষ্টি হচ্ছে বলেও সূত্র জানায়। এসকল ঘটনা সরকারের জনপ্রিয়তায় ধস নামাতে প্রভাবিত করছে বলেও তারা আশংকা করছেন। তাই এ অবস্থায় শেষ রক্ষা হিসেবে আগাম নির্বাচনই জোটের জন্যে শ্রেয় বলে মত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলীয় একাধিক নেতা।
