আত্মসমর্পণকারী জেএমবি সদস্য শাখাওয়াতকে জেআইসিতে প্রেরণ
বুধবার সন্ধ্যায় আত্মসমর্পণকারী জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য আবদুল্লাহ আল মামুনকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া আত্মসমর্পণকারী জেএমবি সদস্য শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত কনস্টেবল আলফাজউদ্দিনের ছেলে মামুুন জানায়, স্থানীয় আবদুস সামাদ কলেজে এইচএসসি পড়ার সময় ১৯৯৯ সালে সে জেএমবি’র সদস্যপদ গ্রহণ করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে মামুন জানায়, ১৭ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া গোলচত্বরে সে নিজে বোমা বিস্ফোরণ ঘটায়।
এর আগে, রাজশাহী পুলিশের হাতে তানোরে গ্রেপ্তারকৃত শিবগঞ্জ উপজেলার সন্নাসতলার আবদুল কাসেম তুফান বারঘরিয়া গোলচত্বরে বোমা বিস্ফোরণের স্বীকারোক্তি প্রদান করেছিল।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেএমবি কমান্ডার গ্রেফতারকৃত শহীদুল্লা আল ফারুকসহ উর্ধ্বতন নেতাদের সাথেও তার যোগাযোগ ছিলো।
১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে এ পর্যন্ত ১৬ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশের কাছে আত্মসমর্পণ করে শাখাওয়াত ও মামুন।
