২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কোটি টাকার গাঁজা গাছ নষ্ট করেছে বিডিআর

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়া থেকে বিডিআর কোটি টাকার গাঁজা গাছ উৎপাটন করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 08:46 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিডিআর সূত্রে জানা যায়, স্থানীয়দের সহায়তায় তারা তিনশ’ গাঁজা গাছ উৎপাটন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়া (১৫০ নং ছিট দাশিয়ার ছড়া) গাঁজা চাষ এবং গাঁজা ব্যবসার অভয়ারণ্য। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বাংলাদেশ ও ভারতের আইন প্রয়োগকারী সংস্থা এখানে প্রবেশ করতে পারে না। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ছিটমহলে ব্যাপক হারে গাঁজা চাষ হয়ে আসছিল।

অল্প খরচ এবং অধিক লাভজনক হওয়ায় স্থানীয়রা গাঁজা চাষের প্রতি ঝুঁকে। ছিটমহলের স্থানীয় আশেন আলী (৮৫) বিডিনিউজকে বলেন, গরমের শুরুতে ভারত থেকে গাঁজার বীজ এনে লাগানো হয়। ছয় মাসের মধ্যে প্রতিটি গাছ থেকে তিন থেকে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতি কেজি গাঁজা ১২ শ’ থেকে ১৫ শ’ টাকায় বিক্রি হয়ে থাকে।

বিডিআর জানায়, দীর্ঘদিন ধরে তারা স্থানীয়দের অবৈধ গাঁজা চাষ থেকে নিবৃত থাকার জন্য বলে আসছিল। পরে স্থানীয়রা তাতে রাজী হলে কয়েক শ’ গাঁজা গাছ উৎপাটন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিডিআর।

বিপুল পরিমাণে গাঁজার গাছ নষ্ট হওয়ায় ফুলবাড়িতে লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।