রাজধানীতে ৫টি হত্যাকাণ্ড
নগরীতে পৃথক ঘটনায় বুধবার পাঁচজন খুন হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের একজন ঠিকাদারও রয়েছেন।
ছুরিকাঘাতে নিহত ঠিকাদারের নাম সেলিমুজ্জামান (৩৮)। তিনি খিলগাঁও থানার ৩০, তালতলা সরকারি কলোনির বাসিন্দা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর থানার শ্যামলীতে একটি পরিত্যক্ত গাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
পারিবারিক সূত্র জানায়, তিনি সকালে মানিকগঞ্জের উদ্দেশে বেরিয়েছিলেন। তবে তারা হত্যার কারণ সম্পর্কে কোনও তথ্য জানাতে পারেননি।
অন্যদিকে দুপুরে ১৪ বছর বয়েসী কিশোর নাইমের গলাকাটা লাশ মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় পাওয়া যায়। এ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এছাড়া মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি আবাসিক হোটেল একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম খোরশেদ আলম (২৭)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পনচন্দি এলাকার আব্দুল করিমের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ১৮৯, আরামবাগের বিয়ানিবাজার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া পল্টন ও খিলক্ষেত এলাকা থেকে দু’জন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে বলে সূত্র নিশ্চিত করেছে।
