খুলনার কাস্টম কর্মকর্তাকে আদালতে তলব
হাইকোর্ট মঙ্গলবার খুলনার কাস্টমস কমিশনার ড. নুরুল আলম খানকে আগামী ২ অক্টোবর সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ লংঘন করার কারণ দর্শানোর জন্যে নির্দেশ দিয়েছেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি নির্মলেন্দু ধরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এসফার অ্যাকসেসরিজ প্রা. লি. এর পক্ষে দায়ের করা আদালত অবমাননার একটি মামলায় এ নির্দেশ দেওয়া হয়।
এ বছরের ১৩ আগস্ট হাইকোর্ট কাস্টমস কমিশনারকে মংলা পোর্ট থেকে বাদীর মালামাল কাস্টমস কর গ্রহণ করার পর খালাস করে দিতে নির্দেশ দেন। একজন বিশেষ বার্তাবাহকের মাধ্যমে কমিশনার নূরুল আলম খানের কাছে এ নির্দেশ পৌঁছানো হয়।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুবে আলম।
