২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরীব দেশগুলোকে বাজার সুবিধাদানের আহবানে সাইফুর রহমান

স্বল্প আয়ের দেশগুলোকে বাজার সুবিধা প্রদানের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান রোববার উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, ওয়াশিংটনে রোববার ‘ব্যাংক-ফান্ড অ্যানুয়াল মিটিং’-২০০৫ এর প্লেনারি সেশনে ভাষণ দানকালে তিনি এ আহবান জানান। পাশাপাশি তিনি দরিদ্র দেশগুলোর জন্য সাহায্য সহায়তা বাড়ানোরও দাবি জানান।

সাইফুর রহমান বলেন, যদি উন্নত দেশের বাজারে প্রবেশের সুবিধা প্রদান করা না হয়, তবে তা হবে দরিদ্র দেশগুলোকে নতুন করে ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে ফেলার শামিল।

তিনি বিভিন্ন দাতা সংস্থা ও সংগঠনের প্রতি, স্বল্প আয়ের দেশগুলোতে অর্থনৈতিক সাহায্য বৃদ্ধি করতে অর্থনৈতিক পরিকল্পনা নতুন করে গঠন করার আবেদন জানান। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যাতে জনগনের ওপর চাপ না পড়ে, এই কারণ দেখিয়ে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকায় মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর সংস্কার কর্যক্রমও সমস্যার সম্মূখীন হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের এসমস্ত দারিদ্র জনগনের নিরাপত্তাহীন বসবাসও বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সাইফুর রহমান বিশ্ব ব্যাংক ও আইএমএফ’র বোর্ড অব গভর্নরসে বাংলাদেশ প্রতিনিধি।

তিনি আশা করছেন, প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে অতিরিক্ত সাহায্যের আশ্বাস বাস্তবায়ন করা হবে।

সভায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার শতকরা পাঁচ দশমিক পাঁচ ভাগ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত শামসের মবিন চৌধুরী, বিশ্ব ব্যাংক অল্টারনেট ডিরেক্টর কাজী আহমেদ খান, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ইআরডি সেক্রেটারি ইসমাঈল জাবিহউল্লাহ এবং অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী।