মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস
২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন সংস্থার আহ্বানে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশেও দিবসটি পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘ভ্রমন ও পরিবহন: জুল বার্নের পরিকল্পনায় একুশ শতকের বাস্তবতা।’
দিবসটির সাফল্য কামনা করে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বেসারিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পর্যটন একটি বহুমাত্রিক শিল্প। বিশ্ব অর্থনীতিতে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশ পর্যটনের একটি উর্বর ক্ষেত্র। নৈসর্গিক সৌন্দর্য, জীববৈচিত্র, প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ এ দেশটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারলে দেশে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশ অনবদ্য পর্যটন আকর্ষণ হিসেবে যুগ যুগ ধরে পর্যটকদের আকৃষ্ট করে আসছে। বিশ্বের পর্যটন মানচিত্রে বাংলাদেশ আজ গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে স্থান পেয়েছে। এদেশে পর্যটকদের আগমন বৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা বহুমুখি কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও কাজে লাগাতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাণীতে বলেন, সম্প্রতি নীতিমালার প্রেক্ষাপটে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে. তা অত্যন্ত আশাবাঞ্জক।
বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে জাতয়ি দৈনিকসমূহে বিশষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। বেতার ও টেলিভিশনে থাকছে বিশেষ অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষ্যে কনকর্ড এন্টারটেইনমেন্ট লি. ২৭ সেপ্টেম্বর থেকে চারদিন ঢাকার ফ্যান্টাসি কিংডম, হেরিটেজ পার্ক এবং চট্টগ্রামের ফয়’স লেকে বিশেষ মূল্যছাড় দেয়া হবে। নন্দন পার্কও দিবসটিতে বিশেষ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল কর্তৃপক্ষ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাংলাদেশী রান্না ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে বাংলাদেশী সংস্কৃতির প্রদর্শনী এবং আন্তর্জাতিক খাদ্য উৎসব আয়োজন করা হবে।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন কর্মসূচির উদ্বোধন করবেন।
