২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে

আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে ভিভিআইপি ও ডেলিগেটদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ সার্ক সম্মেলন উপলক্ষ্যে গঠিত স্বাস্থ্য কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠক সূত্রে জানা যায়, সার্ক সম্মেলনে আগত অতিথিদের জরুরী স্বাস্থ্য সমস্যা নিরসনে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর, হোটেল শেরাটন ও সম্মেলন স্থল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেডিকেল সেন্টার গঠন করা হবে। এসকল সেন্টারে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে।

সভায় আরও জানানো হয়, সার্ক শীর্ষ সম্মেলনে দায়িত্ব পালনের জন্য দু’টি কার্ডিয়াক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ ১৫টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্য সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক এম এ হাদী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।