অর্থনীতির দুর্বৃত্তায়নের ফলে দিন দিন দারিদ্র্য বাড়ছে: ড. আবুল বারাকাত
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেছেন, অর্থনীতির দুর্বৃত্তায়নের ফলে দেশের দারিদ্র্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে। তিনি আরও বলেন, দারিদ্র্যনিরসনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত আরও জানান, ১৯৮৪ সালে দেশের জনসংখ্যার ৪০ ভাগ, অর্থাৎ ছয় কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করতো। ২০০৪ সালে ৫২ ভাগ ছিল দরিদ্র। আর এখন ৯ কোটি ১০ লাখ মানুষ দরিদ্র।
রাজধানীর আইডিবি ভবনে শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা সমতা আয়োজিত ‘দরিদ্রমুখী নীতি প্রণয়নে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সমতার নির্বাহী পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ, অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, নিউ এজের নির্বাহী সম্পাদক নুরুল কবীর, অধ্যাপক আসিফ নজরুল, আজকের কাগজের সহযোগী সম্পাদক মারুফ চিনু, এটিএন বাংলার বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান।
ড. বারাকাত আরও জানান, ১৯৮৪ সালে দেশে ৪০ লাখ ধনী মানুষ ছিল। ২০০৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ লাখ। গরিব দিন দিন আরো গরিব হচ্ছে।
ড. বারাকাত বলেন, স্বাধীনতার পর ৩৪ বছরে প্রায় আড়াই লাখ কোটি টাকা বৈদেশিক সাহায্য এসেছে। এর মধ্যে ২ লাখ কোটি এসেছে সরকারের মাধ্যমে এবং ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা এসেছে এনজিও’র মাধ্যমে। এসময় ৬ লাখ ৪০ হাজার কোটি টাকা রূপান্তরিত হয়েছে ‘কালো টাকায়’। অর্থনীতির দুর্বৃত্তায়নকে রক্ষা করতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করা হচ্ছে। বর্তমান সংসদের ৮৭ ভাগ আইন প্রণেতা ব্যবসায়ী।
তিনি আরো বলেন, গণমাধ্যম যদি নাগরিক ফোরাম এবং ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করে, তাহলে ক্ষমতার অপব্যবহার কমবে এবং স্বচ্ছতা বাড়বে। দেশের দুর্নীতি কমে আসবে।
সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, গণমাধ্যম এবং নাগরিক সমাজ যৌথভাবে কাজ করলে দেশে মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে। এর ফলে দারিদ্র্য হ্রাস পাবে।
