২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় খালেদা জিয়া হলের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছে জামায়াত, ছাত্রলীগের বিক্ষোভ ও পুলিশের লাঠিচার্জ

জামায়াতে ইসলামীর বিক্ষোভ, ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ এবং পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে শনিবার খুলনার দৌলতপুরে বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী নিবাস খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিএনপির যুগ্নমহাসচিব ও হুইপ মো. আশরাফ হোসেন ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হুইপ মো. আশরাফের সকল ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মসূচি বয়কট করার কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী এ হলের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। ১৪ সেপ্টেম্বর খুলনা হার্ডবোর্ড মিলের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমীর ও শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে বিসিআইসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান এবং মিলের ব্যবস্থাপনা পরিচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে তারা বিএনপির যুগ্নমহাসচিব আশরাফ হোসেনের সকল কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেয়।

খালেদা জিয়া হলের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বয়কট কর্মসূচি পালন শুরু হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর কমিটির আমীর মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি এবং জামায়াতে ইসলামীর কোনও নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেননি।

অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ বেগম খালেদা জিয়া হলের নাম পরিবর্তন করে রোকেয়া হল করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ প্রথমে বাধা দেয় এবং পরে লাঠিচার্জ করে। এরপর শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালিত হয়। তবে এ উপলক্ষে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছিল ব্যাপক সংখ্যক পুলিশ।