২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক ব্যবহারে পুলিশের অনুমতি বাধ্যতামূলক, বায়তুল মোকাররম এলাকা থেকে চারটি মাইক ছিনিয়ে নিয়েছে পুলিশ

পুলিশের অনুমতি ছাড়া বায়তুল মোকাররম ও আশে পাশের এলাকার অনুষ্ঠিত কোনও সমাবেশে মাইক ব্যবহার করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ওই এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ সম্প্রতি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবে শুক্রবার দুটি ইসলামী সংগঠনের সমাবেশে মাইক ব্যবহারকালে পুলিশ চারটি মাইক ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর পুলিশ ইসলামী সংগঠন হিযবুত তাহরির সমাবেশ থেকে দুটি মাইক ছিনিয়ে নেয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে তারা ওই সমাবেশ আয়োজন করে। এ সময়ে পুলিশ তাদের মাইক ছিনিয়ে নেয়। পরে তারা মাইক ছাড়াই পুলিশের ব্যারিকেডের মধ্যে সমাবেশ শেষ করে।

পরে পুলিশ অপর ইসলামী সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (আইসিএম) সমাবেশ থেকেও দুটি মাইক কেড়ে নেয়।

দলয়ি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে তারা ওই সমাবেশের আয়োজন করেছিল।

মাইক ছিনিয়ে নেয়ার পর আইসিএম নেতৃবৃন্দ অভিযোগ করে জামাত-ই-ইসলামের নেতা-কর্মীদের বাঁচাতে সহায়তার জন্য পুলিশ তাদের ওপর নির্যাতন করছে।

তারা জানায়, জামাত নেতাদের গ্রেপ্তার করা হলে বোমা হামলার নেপথ্য কাহিনী উদঘাটিত হবে।

সূত্র জানায়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে দুষ্কৃতিকারিরা হামলা করতে পারে। এ ব্যপারে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য ছিল। সে কারণেই তারা এ ধরণের পদক্ষেপ নিয়েছে।

আইসিএম’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে মাইক ছিনিয়ে নেয়ার পর পুলিশ দলীয় কর্মীদের ওপর লাঠিচার্জ করে।

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, সমাবেশ আয়োজনের জন্য কোনও অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু মাইক ব্যবহারের জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন হবে।