খুলনায় বোমা তৈরির সরঞ্জামসহ স্কুল শিক্ষক গ্রেপ্তার, কুরিয়ার সার্ভিস অফিস ও আলীয়া মাদ্রাসায় অভিযান
খুলনা নগরীর বাগমারা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে বোমা তৈরির সরঞ্জাসসহ এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
একইদিনে পুলিশ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের খোঁজে নগরীর কন্টিন্টোল কুরিয়ার সার্ভিসের পার্শেল বিভাগে এবং আলীয়া মাদ্রাসায় অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত আলহাজ্ব আব্দুল হাকিমকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর সেন্ট জোসেফ হাই স্কুলের শিক্ষক আব্দুল হাকিমকে তার বাগমারা রোডস্থ বাসা থেকে গ্রেপ্তার করে।
এ সময়ে পুলিশ ঢাকার বাসাবো থেকে গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা শহিদুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী হাকিমের বাসার নিচ তলার একটি কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করে। পুলিশ হাকিমের নিজস্ব কক্ষ থেকেও ১৭ আগস্ট বোমা হামলার বেশ কিছু আলামত উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত আলামতে ১৭ আগস্টের বোমা হামলার সাথে আব্দুর হাকিমের সংশ্লিষ্টতার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। প্রয়োজনে তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার বিকালে নগরীর ডাক বাংলা মোড়স্থ কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের পার্শেল বিভাগ অফিসে অভিযান চালায়। এ সময়ে চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন পার্শেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনটি বিশেষ নামের পার্শেলকৃত ঠিকানা উদ্ধারে পুলিশ এ অভিযান চালায়। এ সময়ে পুলিশের নেতত্রত্বে নগরীর আলীয়া মাদ্রাসায়ও একটি অভিযান পরিচালিত হয়। মাদ্রাসায় অভিযানের খবরে ছাত্ররা অন্যত্র আত্মগোপন করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মাদ্রাসায় অভিযান অব্যাহত ছিল।
