পুলিশি নির্যাতনের শিকার মানবজমিনের ২ সাংবাদিক
দৈনিক মানবজমিনের দু’জন সাংবাদিক বুধবার রাতে পুলিশী হামলার শিকার হয়েছেন। নির্যাতিত সাংবাদিকদ্বয় হচ্ছেন, মানবজমিনের স্টাফ রিপোর্টার নিজামুল হক বিপুল এবং ওমর ফারুক।
অন্যদিকে বুধবার পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল আইয়ের রিপোর্টার মাহবুব মতিনকে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করতে পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মানবজমিনের সাংবাদিকদ্বয় অভিযোগ করেন, বুধবার রাতে ওয়ালশো টাওয়ারের মানবজমিন কর্যালয় থেকে বের হওয়ার পর ডিএমপির এডিসি (প্রটেকশন) আলমগীর রহমান এবং তার দেহরক্ষী ও গাড়ির চালক তাদের বেদম মারধর করতে থাকে। এসময় তারা নিজেদের পরিচয় দিলে এডিসি অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করে।
নিজামুল হক বিপুল এবং ওমর ফারুক আরও জানান, বিষয়টি পরে ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে অবহিত করা হয়। দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার তাদের প্রতিশ্রুতি দেন।
মিরপুর ১০ নম্বরে বুধবার পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মাহবুব মতিন পুলিশী নির্যাতনের শিকার হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনা তদন্ত করতে ঢাকা মহানগর পুলিশ এডিসি (পশ্চিম) নজরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
