জাবিতে ছাত্র শিক্ষকদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তানভীর আহমদ সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করেছে।
অন্যদিকে বিভাগের ছাত্রছাত্রীরা এই শিক্ষকের অপসারণের দাবিতে অনড় রয়েছে। বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, শ্রেনীকক্ষে তালা ঝুলিয়ে এক ঘন্টা অবস্থান ধর্মঘট এবং উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে। অন্যায়, অনৈতিক, অশোভন ও হয়রানিমূলক আচরণের অভিযোগে গত বুধবার তারা ওই শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করে।
বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ জন শিক্ষক এক সভায় মিলিত হন। সভায় শিক্ষক তানভীর আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যের কাছে দাবি জানানো হয়।
ছাত্রছাত্রী ও শিক্ষকদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বরখাস্তের আদেশ দিলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বিশ্ববিদ্যালয় কর্মচারি দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০ (ক) (২) ধারা অনুযায়ি তাকে সাময়িক বরখাস্ত করেন।
