২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর হাসপাতালের জেনারেটর তিন মাস ধরে বিকল

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না থাকায় রাতের বেলা জরুরি অপারেশন করা প্রায় বন্ধ রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

হাসপাতালের নিজস্ব জেনারেটরটিও গত তিন মাস ধরে বিকল হয়ে আছে।

হাসপাতাল সূত্র জানায়, জরুরি অবস্থায়ও রোগী ও ডাক্তার কেউই রাতের বেলা অপারেশন করার ঝুঁকি নিতে চান না।

এতে করে রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অসমর্থ রোগীদের ছোটখাটো অপারেশনের জন্যও ওই হাসপাতালে অপেক্ষা করতে হচ্ছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তারা বলেন, তারা কর্র্তৃপক্ষকে জেনারেটরের বিষয়ে বারবার অবহিত করলেও কোন লাভ হয়নি।

সূত্র আরও জানায়, সরকারি হাসপাতাল হওয়ায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ছাড়াও মাগুড়া, কুষ্টিয়া এবং ঝিনেদার রোগীরাও জরুরি চিকিৎসা নিতে ওই হাসপাতালেই এসে থাকে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফতাবউদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, গত তিন মাস ধরে রাতের বেলায় হাসপাতালে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।