২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পর্যায়ে ফের আদালত চালুর কোনও পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, উপজেলা পর্যায়ে আবার আদালত চালু করার কোনও পরিকল্পনা সরকারের নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সংসদে জাতীয় পার্টির সাংসদ মজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে উপজেলা পর্যায়ের আদালত উঠিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট যেহেতু উপজেলা পর্যায়ের আদালত উঠিয়ে দেওয়ার রায় দিয়েছেন, তাই তা আবার চালু করার কোনও পরিকল্পনা সরকারের নেই।

এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সরকার উপজেলা পর্যায়ের আদালত ব্যবস্থা চালু করে। সে সময় প্রত্যেক থানাকে উপজেলায় রূপান্তর করে দু’ধরনের আদালত চালু করা হয়-একটি ফৌজদারি এবং অন্যটি দেওয়ানি আদালত। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি ওই ব্যবস্থা বাতিল করে।

পরে সুপ্রিম কোর্টে এ ঘোষণাকে চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্ট তার রায়ে ওই ব্যবস্থা বাতিল করাকে অসাংবিধানিক নয় বলে উল্লেখ করেন। পাশাপাশি সংবিধান অনুযায়ী প্রশাসনের সকল স্তরে নির্বাচিত স্থানীয় সরকার কাঠামো চালু করতে নির্দেশ দেন।

কিন্তু বর্তমান সরকারসহ কোনও সরকারই সুপ্রিম কোর্টের এ নির্দেশ বাস্তবায়ন করেনি।

বিএনপি’র সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিচারকের অভাব পূরণে সরকার ইতোমধ্যেই ১৪০ জন বিচারক এবং ১২৫ জন সহকারী বিচারক নিয়োগ দিয়েছে।