২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরসি বৈঠক: তিস্তা ও অন্য ৬ নদীর পানি বন্টনের বিষয়টি অমীমাংমিত থেকে গেল

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) পরবর্তী বৈঠকের আগ পর্যন্ত ভারত তিস্তা ও অন্য ছয়টি নদীর পানি বন্টনের বিষয়টি ঝুলিয়ে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তবে ভারত বাংলাদেশকে এই বলে আশ্বস্ত করেছে, ভারতের ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকার হিমালয় অঞ্চলের শাখা নদীগুলো সংযুক্ত করবে না।

হিমালয় অঞ্চলের নদীর শাখা-প্রশাখাগুলো সংযোগ করার কোনও চিন্তাভাবনা ভারত সরকার করছে কিনা, এ প্রশ্নের জবাবে বাংলাদেশ সফররত ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি বলেন, ব্রক্ষপুত্রের অনেকগুলো শাখা-প্রশাখা রয়েছে। তবে এগুলোর সবই রয়েছে হিমালয় অঞ্চলে, কোনটিই দক্ষিণাঞ্চলে নয়। যেহেতু হিমালয় অঞ্চলের শাখা-প্রশাখাগুলো সংযোগ করার চিন্তাভাবনা বর্তমান ইউপিএ সরকার করছে না, সেক্ষেত্রে নদীর সংযোগের বিষয়টি উত্থাপিত হওয়া প্রশ্ন আসে না।

বাংলাদেশ-ভারত জেআরসি’র দু’দিনব্যাপী বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী দাশমুন্সি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী বহুল বিতর্কিত নদী সংযোগ পরিকল্পনা, টিপাইমুখ বাঁধ, নদী ভাঙন এবং বন্যা পূর্বাভাষ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।

সংবাদ সম্মেলনের আগে ভারত ও বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রীদ্বয় সম্মত কার্যবিবরণী স্বাক্ষর করেন।

দাশমুন্সি দু’দিনের বৈঠককে গঠনমূলক ও ফলপ্রসূ উল্লেখ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্ষতি হয়, এমন কোনও কিছু ভারত করবে না।

বাংলাদেশের নদী ভাঙনকে আশঙ্কাজনক স্বীকার করে দাশমুন্সি বলেন, তারা চলতি বছর নদী ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে যাবেন এবং সমস্যাটি নিয়ে যৌথভাবে আলোচনা করবেন। দাশমুন্সি অবশ্য মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, ভারতের অংশ থেকে আসা পানির কারণে নদী ভাঙনপ্রবণ এলাকা দুই মন্ত্রী ঈদের পরে পরিদর্শন করবেন এবং তার ওপর রিপোর্ট করবেন।

জেআরসির দু’দিনের বৈঠক তিস্তা এবং অন্য ছয় নদীর পানি বন্টন ইস্যুতে মূলত কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সময় বাংলাদেশ যখন বিষয়টি উত্থাপন করে, তখন ভারতীয় পক্ষ জানায়, বিষয়টি পরবর্তীতে যৌথ কারিগরি কমিটির বৈঠকে আলোচিত হবে।

ভারত পানি প্রত্যাহার করে নেয়ার ফলে উত্তরবঙ্গে যে পরিস্থিতির সৃষ্টি হয়, সে সম্পর্কে ভারতীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সাংবিধানিক জটিলতার কারণে আমরা কিছুটা সময় নিচ্ছি। নদীর এপার শুকিয়ে থাকবে আর ওপারে পানি থাকবে, এমন অবস্থা আমরা চাই না। চুক্তি হবে এবং পানিও আসবে।

টিপাইমুখ বাঁধ সম্পর্কে দাশমুন্সি বলেন, আমরা এখনও কোনও পরিকল্পনা অথবা নকশা প্রস্তুত করিনি। এটি করতে সময় লাগবে। আমরা এ বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত করেছি, টিপাইমুখের কাছে ফুলেরতলায় কোনও বাঁধ নির্মাণ করা হবে না। পরবর্তী জেআরসি বৈঠকে বিষয়টি আমি চূড়ান্তভাবে জানাবো।

তিনি বলেন, টিপাইমুখ একটি পানি বিদ্যুৎ (হাইড্রোপাওয়ার) প্রকল্প, সেচ বা পানি সরবরাহের প্রকল্প নয়।

দু’দিনের বৈঠকের বিশেষ সূত্র জানিয়েছে, নদী সংযোগ, টিপাইমুখ বাঁধ, নদী ভাঙন এবং তিস্তা ও ছয়টি অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে ভারতের উদাসীনতাপূর্ণ দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে।