শবেবরাতে জঙ্গি হামলার আশঙ্কায় বাগেরহাটে খান জাহান মাজার ও ষাট গম্বুজ মসজিদকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা
বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ও হযরত খান জাহান আলীর (র:) মাজার শরীফে শবেবরাতের সময় জঙ্গি হামলার আশঙ্কায় রোববার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নজীরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
পুলিশের পাশাপাশি এসব স্থানে অতিরিক্ত র্যাব ও বিডিআর মোতায়েন করা হয়। দুই দিন শহর ও শহরতলিতে র্যাব ও পুলিশ ব্যাপক টহল দেয়। আকষ্মিকভাবে পুলিশ ও র্যাবের উপস্থিতি নগরীতে আতঙ্কাবস্থার সৃষ্টি করে। তবে কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই এলাকায় শবেবরাত উদযাপিত হয়েছে।
জানা গেছে, পবিত্র শবেবরাতকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তথ্য পেয়ে গোয়েন্দা সংস্থাগুলো আগাম নিরাপত্তা ব্যবস্থা নেয়। গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার পরামর্শ অনুযায়ী ওই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন স্থান ও স্থাপনার পাশাপাশি শহরের আবাসিক হোটেল ও বিভিন্ন সড়কে ব্যাপক তল্ল¬াশী চালানো হয়।
সোমবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলীর (র:) মাজার ও ষাটগম্বুজ মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, মাজারের প্রধান দুটি গেটসহ মাজারে ঢোকার রাস্তায় পুলিশ, র্যাব ও ভিডিপি সদস্যরা আগত দর্শনার্থীদের দেহ এবং সাথে থাকা মালামাল তল্ল¬াশী করছে।
এদিকে সন্দেহজনক আচরণের কারণে রবিবার গভীর রাতে পুলিশ শহরের শুকতারা হোটেল থেকে দুই তরুণ ও দুই তরুণীকে এবং সোমবার গভীর রাতে খান জাহান (র:) এর মাজার সংলগ্ন রণবিজয়পুর এলাকা থেকে একটি মাইক্রোবাসে আসা বিভিন্ন বয়সের ১৩ ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, ধৃত দুই তরুণ শহরের মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের এবং দুই তরুণী নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের আবাসিক শিক্ষার্থী। তারা একত্রে ঐ আবাসিক হোটেলে রাত কাটাতে গিয়েছিলো।
তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মাইক্রোবাসসহ ধৃতরা পুলিশকে জানিয়েছে, তারা অসুস্থ এক ব্যক্তিকে দেখতে খুলনার দৌলতপুর থেকে বাগেরহাটে এসেছিলো।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মঈনউদ্দিন ও পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, দেশব্যাপি গৃহিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে বাগেরহাটে এই ব্যবস্থা নেয়া হয়। দেশের বিভিন্ন মাজার ও মসজিদে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটায় এ ব্যবস্থা নেওয়া হয়। তবে বাগেরহাটে কোন নাশকতামূলক হামলার ঘটনা ঘটেনি।
তারা জানান, বাগেরহাটের ওই মাজার ও মসজিদ নিয়ে প্রশাসন বেশ চিন্তিত ছিলো। কোন অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক কর্মকাণ্ড না হলেও ওইসব এলাকায় নিরাপত্তামূলক নজরদারি অব্যাহত রয়েছে।
