বরগুনায় দেড় শতাধিক ট্রলারসহ দু’ সহস্রাধিক জেলে নিখোঁজ, ১৫ জনের সলিল সমাধি
বঙ্গোপসাগরে প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে বরগুনার দু’ সহস্রাধিক জেলেসহ দেড় শতাধিক মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) ১৫ জন জেলের সলিল সমাধি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে পাথর ঘাটা ও বরগুনা এলাকার তিন শতাধিক মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়। এদের মধ্যে ভারতীয় জলসীমা থেকে পশ্চিম বরগুনা পুলিশ ২০৮ জন জেলেসহ ১৬টি ট্রলার উদ্ধার করেছে।
ভারতীয় জলসীমায় ৭১৫ জন জেলেসহ আরও ৫৫টি ট্রলার রয়েছে বলে ফিরে আসা জেলেরা জানায়। এছাড়া এখনও পর্যন্ত আরও ১২ শতাধিক জেলেসহ শতাধিক ট্রলারের কোনও খোঁজ পাওয়া যায়নি।
ফিরে আসা জেলেরা আরও জানায়, এফবি কুতুবের এক জন, এফবি বরকতের আটজন এবং এফবি ভাই ভাইয়ের ছয়জন জেলের সলিল সমাধি ঘটেছে। বরগুনা জেলা সদরের গুলিশাখালি গ্রামের নিখোঁজ ২৫টি ট্রলারের ১৬টি ফিরে এসেছে ও তিনটি ডুবে গেছে এবং ৯০ জন জেলেসহ ছয়টি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া বরগুনার আব্দুল বারেকের দুটি ও দুলালের একটি ট্রলার ডুবে গেছে বলে উদ্ধারকৃত জেলেরা জানায়। এদিকে বরগুনার নলী এলাকার আরও ২৯টি ট্রলারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে পানির চাপে পাথরঘাটার দক্ষিণ প্রান্তে সাগর মোহনায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ঘের ভেসে যাওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিন হাজার একর জমির ফসল ভেসে গেছে।
