বঙ্গোপসাগরে নিখোঁজ ২৩ ট্রলার আশ্রয় নিয়েছে ভারতে, ২৫ জেলে আটক, এখনও নিখোঁজ অর্ধশত ট্রলারসহ জেলে
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ অর্ধশত ট্রলারের মধ্যে ২৩টি ভারত সীমান্তে আশ্র্রয় নিয়েছে। অপরদিকে শতাধিক নিখোঁজ জেলের ২৫ জনকে ভারতীয় পুলিশ আটক করেছে বলে মঙ্গলবার খবর পাওয়া গেছে।
এদিকে স্থানীয় সূত্র গত দু’দিনে আরও নয়টি ট্রলারডুবির তথ্য জানিয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ফিশিং ট্রলার সমিতির সম্পাদক নিমাই চন্দ্র জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর গভীররাতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৩৫টি ট্রলার সোমবার পর্যন্ত মহিপুর ঘাটে এসে পৌঁছায়নি।
ট্রলারগুলোর মধ্যে এফবি ফেরদৌস, এফবি জহির, এফবি খুশী, এফবি আসমা, এফবি সালমা, এফবি তমা এখনও নিখোঁজ রয়েছে।
একই সঙ্গে বাংলাদেশের নিখোঁজ ২৩টি ট্রলার ভারতের নামখানের পূর্বে কাকদ্বীপ থানার লেদুরখালে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আলীপুর ট্রলার মালিক আবুল জানিয়েছেন, বরগুনার পাথরঘাটার মনির মিয়ার দু’টি ট্রলার কাকদ্বীপে আশ্রয় নিতে গিয়ে ডুবে যায়। এসময় ভাসমান অবস্থায় ওই ট্রলার দু’টির ২৫ জন জেলেকে কাকদ্বীপ থানা পুলিশ উদ্ধার করেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
গত দু’দিনে বঙ্গোপসাগরের সোনার চর এবং চালনা বয়ার বাইরে এফবি সাগর, এফবি শাওন, এফবি হাশেম, এফবি মানসুরা, এফবি শহীদ, এফবি টিয়াখালী এবং এফবি নিয়াজ নামের মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
