২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

আজ সোমবার মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র শবে বরাত। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও বরকতের এ রজনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মুসলমানরা আল্লার বিশেষ রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। মহাল আল্লাহর কাছে তারা তাদের অতীত ক্রিয়াকর্মের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে পরিশুদ্ধ ও সমৃদ্ধ জীবন লাভের জন্য মোনাজাত করেন। এ রাতে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের উদ্দেশে রহমতের সকল দরজা খুলে দেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মসজিদ ও মাজারগুলোতে মসজিদে বিশেষ মোনাজাত, জিকির-আজকার ও মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মাজারসহ বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বাঙালিদের কাছে এটি একটি পবিত্র উৎসবের মতো। শবে বরাত উপলক্ষে বিশেষ রান্নাবান্না ও পিঠা-পায়েশের ব্যবস্থা করা হয়ে থাকে। অতিথি আপ্যায়ন ও কাঙালি ভোজ ও দান-খয়রাত করা হয়ে থাকে।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকবে। আল্লাহর মহিমা লাভে সচেষ্ট অনেকে শবে বরাতের পরদিন রোজা রাখবেন।

শন্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।