২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের দায়ে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ৩ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অভিযুক্তরা হলেন শাহ জিকরুল আহম্মেদ, এম এ গফুর মজুমদার ও সারোয়ার হোসেন খন্দকার।

প্রতারণার মাধ্যমে মিথ্যা ও বানোয়াট হিসাব দাখিল করে প্রতিষ্ঠানের সাধারণ সদস্যদের ২৬ লাখ ৭৯ হাজার ৮০৯ টাকা আত্মসাতের অভিযোগে রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতিষ্ঠানের চার সদস্য আইনজীবি দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। শুনানি শেষে মহানগর মুখ্য হাকিম এ জে এম আব্দুল্লাহ হেল বাকী অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অভিযুক্তগন অ্যাসোসিয়েশনের সদস্যদের বেনোভোলেন্ট, ওয়েলফেয়ার, গোল্ডেন জুবিলী, ন্যাশনাল বার ও ডিনার ফান্ডের বিপুল পরিমান অর্থ আত্মসাতসহ এজিএম ও নির্বাচনের জন্য অতিরিক্ত খরচ, ঐচ্ছিক পিকনিক, ইনটেরিয়র ডেকোরেশন, বৈদ্যুতিক কাজ, এন্টারটেইনমেন্ট, চেয়ার টেবিল, কেবিনেট তৈরি ও মেরামত, পেইন্ট, প্রিন্টিং বাবদ এখতিয়ার বহির্ভূত অতিরিক্ত খরচ করেন। তারা ভূয়া ভাউচার দেখিয়ে আইন বহির্ভূভাবে অর্থ আত্মসাত করেন।

অ্যাসোসিয়েশনের সদস্যদের মৃত্যু পরবর্তী তাদের বেনিফিসিয়ারিদের মধ্যে বন্টনের জন্য গঠিত বেনোভোলেন্ট ফান্ডের অর্থও তারা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বাদী এম এ রহিম ভূঁইয়া, মোহাম্মদ জালাল উদ্দিন, মোখলেসুর রহমান ভূঁইয়া এবং রফিকুল ইসলাম। মামলায় ১০ জনকে সাক্ষী করা হয়েছে।