ওডিএতে অন্তর্ভুক্ত হলো চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প
চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পটি জাপানের বহির্বিশ্ব উন্নয়ন সহায়তার(ওডিএ) ঋণ কর্মসূচি ২০০৫-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বুধবার অনুষ্ঠিত জাপানের বর্হিবিশ্ব উন্নয়ন সহায়তা সংক্রান্ত বার্ষিক পরামর্শ সভায় প্রকল্পটি অন্তর্ভুক্তির এ সিদ্ধান্ত নেয়া হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১০ সদস্যের জাপান সরকারের একটি প্রতিনিধি দল এবং চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এদিকে ওয়াসা সূত্র জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের দাতা সংস্থা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)’র একটি অ্যাপ্রাইজাল মিশন চট্টগ্রাম আসছেন।
মিশনের এ সফরেই প্রকল্পটি জেবিআইসির ঋণ কর্মসূচিতে অন্তর্ভূক্তি সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুর রহমান বিডিনিউজকে জানান।
জেবিআইসির আর্থিক সহায়তা শতভাগ নিশ্চিত উল্লেখ করে তিনি আরও জানান, গত এক বৎসর ধরে জেবিআইসির বেশ কয়েকটি মিশন চট্টগ্রাম ওয়াসা পরিদর্শন করেন এবং প্রস্তাবিত প্রকল্পটির স্থান নির্ধারণ করেন।
প্রায় দুশ’ মিলিয়ন ডলার ব্যয়ের এ প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন বৃদ্ধি পাবে আরও সাড়ে ১৩ কোটি লিটার। এটি বর্তমান উৎপাদনের প্রায় তিন চতুর্থাংশ। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা দৈনিক মাত্র ১৭ কোটি লিটার পানি উৎপাদন করছে।
জেবিআইসির আর্থিক সহায়তায় কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের আওতায় চট্টগ্রাম ওয়াসার হিসাবরক্ষণ পদ্ধতির আধুকিায়নসহ অবকাঠামোগত উন্নয়ন এবং কালুরঘাট ও মোহরা ট্রিটমেন্ট প্লান্ট ও পাইপলাইন সংস্কারের কাজও করা হবে।
