বিমানের খাবারের মান এবং সিডিউল নিয়ে বিএনপি এমপি’র অভিযোগ
বিএনপির এমপি কাজী রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারের নিম্ন মান এবং সিডিউল ঠিক না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
বুধবার জাতীয় সংসদে এক দৃষ্টি আকর্ষন নোটিশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের খাবারের মান এত নিম্ন যে, যাত্রীরা সে খাবার খেয়ে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে এবং কেউ কেউ বমি করে ফেলে। প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে তিনি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সিডিউল ঠিক না থাকায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষাসহ নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সেবার মান উন্নত করা হলে প্রতিযোগিতামূলক বিশ্বে সফলভাবে টিকে থাকা যাবে এবং সরকারের আয়ও অনেকগুন বেড়ে যাবে।
