২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংক্ষুব্ধ যে কেউ প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠাতে পারেন’

দেশের বিশিষ্ট আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের সংক্ষুব্ধ যে কোনও নাগরিক, প্রধানমন্ত্রীসহ দেশের যে কোন নাগরিকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উকিল নোটিশ পাঠানোর ব্যাপারে কোনও আইনি বাধা নেই।

ইন্টারন্যাশনাল কমিটি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ (আইসিএইচআরবি) এর পক্ষে মার্কিন অ্যাটর্নি টমাস টি কিটিং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি উকিল নোটিশ পাঠান। বেগম জিয়া জাতিসংঘ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে এখন ওই হোটেলে অবস্থান করছেন।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লংঘনের অভিযোগে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের একটি গ্রুপ প্রধানমন্ত্রীকে যে উকিল নোটিশ পাঠিয়েছে, সে ব্যাপারে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আইনজীবীদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে উকিল নোটিশ প্রদানের নজির বাংলাদেশে রয়েছে।

তবে তিনি বলেন, স্থান, প্রেক্ষাপট এবং মামলার অভিযোগ ভেদে উকিল নোটিশের গুরুত্ব নির্ভর করে।

তিনি আরও বলেন, কে, কোন থানায় মামলা করবে, আমাদেরকে তা পর্যালোচনা করে দেখতে হবে।

ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বাংলাদেশের যে কোনও নাগরিক প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠাতে পারেন।

তিনি বলেন, যদি কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হন এবং এ ব্যাপারে আইনের কোনও ধারা থাকে, তাহলে সে প্রধানমন্ত্রীসহ যে কারও কাছে উকিল নোটিশ পাঠাতে পারেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, বাংলাদেশের যে কোনও নাগরিক বা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কাছে উকিল নোটিশ পাঠাতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম সভ্য রাষ্ট্র। এখানে ক্রসফায়ারের নামে কোনও বিচার ছাড়াই র‌্যাব ও পুলিশের হাতে মানুষ মারা যাচ্ছে। এ অবস্থায় দেশের যে কোনও নাগরিক বা প্রতিষ্ঠান মামলা দায়ের করার জন্য প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে উকিল নোটিশ পাঠাতে পারেন।

তিনি বলেন, আইনজীবীদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠানোর ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই।