২৫টি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সুন্দরবনকে জিম্মি করে রেখেছে
২৫টি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গোটা সুন্দরবনকে জিম্মি করে রেখেছে। অস্ত্রধারী গ্রুপগুলো সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মাওয়ালীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। আবার কখনও সর্বস্ব কেড়ে নিচ্ছে।
বন বিভাগ সূত্র জানায়, বৃহত্তর খুলনা জেলার (বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা) অর্ধ লক্ষাধিক মানুষ প্রত্যক্ষভাবে প্রত্যেক মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে কাজ করে। বনজীবীরা মাছ, কাঠ, গোলপাতা, গরান ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। আর মৌসুম শুরু হওয়ার মূহূর্তে বৃদ্ধি পায় সন্ত্রাসীদের তৎপরতা।
বনজীবীরা জানায়, কমপক্ষে ২৫টি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গোটা সুন্দরবনকে নিয়ন্ত্রণ করছে। এসব সশস্ত্র বাহিনীর প্রত্যেকের আবার আলাদা আলাদা নাম রয়েছে। উল্লেখযোগ্য গ্রুপগুলো হলো-বাবুল বহিনী, সেজু বাহিনী, আকরাম বাহিনী, কালু বাহিনী, মুজিবর বাহিনী, আজিজ বাহিনী, মেজভাই বাহিনী, মোজাম বাহিনী, লাঠিমারা পার্টি, সন্যাসী বাহিনী, শওকত বাহিনী, মোহন বাহিনী, তেতুল বাহিনী, বড়ভাই পার্টি, মামা-ভাগ্নে পার্টি ইত্যাদি। গ্রুপ প্রধানের নাম অনুসারেই এসব গ্রুপের নামকরণ।
সন্ত্রাসীদের কাছে বিদেশী তৈরি বন্দুক, রিভালবার, দেশী বন্দুক, পাইপগান, কাটা রাইফেল, শটগানসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। এছাড়া সন্ত্রাসীরা বুলেট প্রুফ জ্যাকেট ও বুলেট প্রুফ হেলমেটও ব্যবহার করে।
তবে ছোট গ্রুপগুলো লাঠি আর টর্চ নিয়েই ডাকাতি করে। যে কারণে এ পার্টির নাম হয়েছে লাঠিমারা পার্টি।
সন্ত্রাসী গ্রুপগুলো প্রত্যেক জেলের কাছ থেকে মাসে ২০০ টাকা করে চাঁদা আদায় করে। মাস প্রতি প্রত্যেক জেলেকে ন্যূনতম ৪/৫টি গ্রুপকে চাঁদা দিতে হয়। এক্ষেত্রে কোন কোন গ্রুপ চাঁদার রসিদ প্রদান করে।
জেলে, বাওয়ালিরা সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকার করলে বা না দিতে পারলে তাদেরও অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং মাথাপিছু পাঁচ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছাড়া হয়। অপহৃত জেলে, বাওয়ালিদের জলদস্যুরা বিশেষ ব্যবস্থায় নির্মিত তাদের ট্রলারের নিচে সেলে আটকে রাখে। কখনও কখনও তাদের দুর্গম এলাকাতে ছেড়ে দেওয়া হয়। আটককালীন সময়ে কখনও টাকা দিতে দেরি হলে তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। অনেক সময় জেলেদের একমাত্র সম্বল জালও ছিনিয়ে নেয়।
এসব সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর, খুলনার, কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, দাকোপ এবং বাগেরহাটের রামপাল, ফকিরহাট, মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, রায়েন্দা, পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা।
সূত্র আরও জানায়, ভারত থেকেও সুন্দরবনের বাংলাদেশ অংশেও ডাকাতরা এসে মাঝে মাঝে হানা দেয়।
সুন্দরবনের প্রতি এলাকায় একেক গ্রুপ আধিপত্য বিস্তার করে থাকে। অনেক সময় এদের মধ্যে বন্দুকযুদ্ধও হয়।
থানা প্রশাসনের সহযোগিতার পাশাপাশি গ্রুপ প্রধানের রয়েছে প্রভাবশালী গডফাদারের সাথে সুসম্পর্ক। এসব গডফাদাররা আবার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চলে।
চলতি সপ্তাহে পুলিশ অভিযান চালিয়ে বাহিনী প্রধান বারিক (৩০) ও বনদস্যু তারেকুল ইসলামকে (২৪) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিদেশী বন্দুক, দস্যুবৃত্তির কাজে ব্যবহৃত ট্রলার আটক করা হয়।
জনবল ও আধুনিক জলযানের অপ্রতুলতার কারণে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কষ্টসাধ্য হয়ে পড়ছে বলে বন বিভাগ জানিয়েছে।
