মাদারীপুর কাজীরটেক ফেরিঘাটের ২টি ফেরিই বিকল
মাদারীপুর কাজীরটেক ফেরীঘাটের দু’টি ফেরিই শুক্রবার সকাল থেকে বিকল হয়ে পড়েছে।
এর ফলে যানবাহন পারাপার বন্ধ হয়ে যাওয়ায় দুই পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেড়ে যায় যাত্রীদের দুর্ভোগ।
সূত্র জানায়, মাদারীপুর-শরীয়তপুর হয়ে খুলনা-মংলা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সংক্ষিপ্ত সড়ক পথের কাজীরটেক ফেরি ঘাটটি একটি গুরুত্বপূর্ণ ঘাট হওয়া সত্ত্বেও এখানে বহু পুরনো প্রায় অচল দু’টি ফেরি দিয়ে পারাপারের কাজ চলছিল।
শিবচরের আড়িয়াল খাঁ সেতু উদ্বোধনের পর সেখান থেকে একটি ফেরি কাজীরটেক ঘাটে আনা হয়।
শুক্রবার কর্তৃপক্ষের নির্দেশে সেই ফেরিটিও দাউদকান্দি চলে যায়।
এদিকে কাজীরঘাটে থাকা দু’টি ফেরির একটি বহুদিন থেকেই অচল পড়ে রয়েছে। অপর ফেরিটি শুক্রবার সকালে যানবাহন নিয়ে ঘাট ত্যাগ করার পর হঠাৎ করে অচল হয়ে যায় এবং যানবাহনসহ স্রোতের টানে প্রায় এক কিলোমিটার ভাটিতে চলে যায়। বহু চেষ্টার পরও নষ্ট ফেরিটি আর ঘাটে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
ফলে নদীর দু’পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই সাথে যাত্রীরাও চরম দুর্ভোগের শিকার হয়।
