২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে র‌্যাবের ক্রসফায়ারে শীর্ষ সন্ত্রাসী নিহত

ফরিদপুর শহরের অম্বিকাপুর রেল স্টেশনের কাছে শনিবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম উজ্জ্বল (২২)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ঘটনার পর ওই এলাকা থেকে র‌্যাব একটি রিভলবার, একটি পাইপগান এবং তিন রাউন্ড রিভলবারের গুলি ও দুই রাউণ্ড পাইপগানের গুলি উদ্ধার করেছে।

ফরিদপুরে ক্রসফায়ারে কারও নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম।

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার কলাবাগান লেকসার্কাস এলাকা থেকে উজ্জ্বল ও তার দুই সহযোগী টিটন (২০) ও জনিকে (২২) র‌্যাব-৪-এর একটি দল গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উজ্জ্বল তার সহযোগী এবং অস্ত্র ভান্ডার সম্পর্কে র‌্যাবের কাছে তথ্য দেয়। পরে তাকে র‌্যাব-৮-এর কাছে হস্তান্তর করা হয়।

তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব অস্ত্র উদ্ধারের জন্য উজ্জ্বলকে নিয়ে অম্বিকাপুর রেল স্টেশনের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়।

র‌্যাবও পাল্টা জবাব দেয়।

এসময় উজ্জ্বল র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।

উজ্জ্বল ছিলো স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান হত্যা মামলার আসামি।

এ মামলার পর থেকেই সে পলাতক ছিল।