ইত্তেফাকের মেশিন রুমে প্রেস কর্মী খুন, ৪ জন আটক
দৈনিক ইত্তেফাকের মেশিন রুমে বৃহস্পতিবার সকালে ওই পত্রিকার এক কর্মীর গলাকাটা লাশ পাওয়া গেছে।
কামাল (৪২) নামের ওই কর্মী ইত্তেফাকের প্রেস শাখার মেশিনম্যান বলে জানা গেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করে।
দৈনিক ইত্তেফাক ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রেস শাখার লোকজন অফিসে এসে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
তার গলায় চার ইঞ্চি পরিমান গভীর কাটা ক্ষত রয়েছে। তবে শরীরের আর কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই বলে সূত্রাপুর থানার এসআই আবুল খায়ের জানান।
ইত্তেফাক সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে প্রেস শাখার সকল কর্মী সকাল সাড়ে ছয়টায় বেরিয়ে যায়। এরপর সকাল সাড়ে আটটায় তার লাশ উদ্ধার হয়। ওই সময়ের মধ্যেই কামালকে খুন করা হতে পারে।
