সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮
সিলেটে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় পাঁচজন নিহত এবং অপর আট জন আহত হয়েছে।
আহত তিন জনকে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজের সিলেট প্রতিনিধি জানান, দুপুরে সিলেট-তামাবিল সড়কের খাদিমনগরের মিরেরচকে দ্রুতগামী একটি ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক তপুর মিয়া (৪০) এবং যাত্রী খলিলুর রহমান (৪০) প্রাণ হারায়। অটোরিকশা আরোহী অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপর ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৩টায়, সিলেট-ঢাকা মহাসড়কের বিরাজ চর এলাকায়। দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় প্রাণ হারায় নূরুল আলী (৭০) নামের এক পথচারী।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে বুধবার রাত ১০টায় সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার খাদিমহল এলাকায় যাত্রীবাহী একটি বাসের একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা চালক আসার আলী (৩০) এবং যাত্রী অজিত পালের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়। এতে আরও পাঁচ জন আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
