হ্যারি কে টমাসের বাংলা প্রীতি
বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস এখন সুদূর ওয়াশিংটনে অবস্থান করলেও বাংলা ভুলে যাননি। ঢাকায় দায়িত্ব পালনকালীন তিনি প্রায়ই বাংলায় কথা বলতেন।
‘কেমন আছেন’ শব্দটি বাঙালি সমাজে অতি প্রচলিত। পরিচিত কারও সাথে দেখা হলে কুশল জানতে এ প্রশ্ন করা হয়। বুধবার হ্যারি কে টমাস এ প্রশ্ন করেন প্রথম আলোর সাংবাদিক আরশাদ মাহমুদকে। তিনি এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
হ্যারি কে টমাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্সিকিউটিভ সেক্রেটারি। হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভুমিকা সংক্রান্ত এক ব্রিফিং সেশনে তিনি কথা বলছিলেন।
মাহমুদ জানতে চান, যুক্তরাষ্ট্র এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশী বিশেষজ্ঞ কাজে লাগানোর কথা ভাবছে কি না?
টমাস উত্তরে জানান, রোববার আলাবামায় বাংলাদেশের রাষ্ট্রদূত তাদেরকে নগদ এক মিলিয়ন ডলার অর্থ সাহায্য দেবার ইচ্ছা প্রকাশ করেন। এই অর্থ গ্রহণে সম্মতি জানানো হয়েছে।
টমাস বলেন, আমরা এক মিলিয়ন ডলার হাতে পাবার অপেক্ষায় রয়েছি।
