ঢাকা সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১ আহত ৮০
ঢাকা-সিলেট মহাসড়কে দুটি পৃথক সড়ক দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার একজন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর ব্রিজের ওপর যাত্রিবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউড়ায় যাত্রিবাহী নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ ভৈরব প্রতিনিধি জানান, বুধবার দুপুর ১২টার দিকে শিবপুর ব্রিজের ওপর ভৈরব থেকে ঢাকাগামী এরাবিয়ান এক্সপ্রেস এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যমুনা এক্সপ্রেস যাত্রিবাহী বাস দুটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫০ জন আহত হয়। আহতদের ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে রায়পুরা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে বিকেল তিনটার পর আবার যানবাহন চলাচল শুরু হয়।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বুধবার ভোররাতে ঢাকা থেকে সুনামগঞ্জগামী নাইট কোচ (ঢাকা মেট্রো ব-১৪-০৪৮৪) কামাউড়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত এবং অপর ৩০ জন যাত্রী আহত হয়।
নিহত যাত্রী তারাচান মণ্ডলের (৭০) বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের ডলুরা গ্রামে। এছাড়া আহদের মধ্যে ১৮ জনকে আশুগঞ্জ এবং ভৈরবের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
