২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধে জেল

এইচআইভি-এইডস প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক গবেষকের নেতৃত্বে গবেষক দল এক ধরনের জেল আবিষ্কার করেছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সায়েন্স ডেভ ডট নেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ জেল শরীরের সংক্রমিত কোষ থেকে এইচআইভি ভাইরাসের বিস্তার রোধ করবে।

মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জির ভ্যাকসিন রিসার্চ সেন্টারের প্রাণী চিকিৎসা গবেষণাগারের প্রধান শ্রীনিবাস রাও-এর নেতৃত্বে বিজ্ঞানীরা শরীরের ব্যাকটেরিয়াকে এমনভাবে বংশানুক্রমে পরিবর্তন করেছেন, তা থেকে এক ধরনের প্রোটিন উৎপন্ন হবে, যা এইচআইভি-এইডস ভাইরাসের বিস্তার রোধ করবে।

যৌনক্রিয়ার মাধ্যমে শরীরের যেখানে এইচআইভি ভাইরাস সঞ্চারিত হয়ে থাকে, সেখানকার অভ্যন্তরীণ দেহ আবরণে ওই ব্যাকটেরিয়া প্রতিস্থাপন করে তারা সফল হয়েছেন। প্রথম পর্যায়ে ইঁদুরের ওপর তারা এ গবেষণা করেন।

গবেষকরা বলেন, মানব শরীরে এ জেলের ব্যবহার পরীক্ষা করে দেখার আগে বানরের শরীরে তা পরীক্ষা করে দেখা হবে।

রাও-এর দল গবেষণা করে দেখেছেন, পরিবর্তিত ব্যাকটেরিয়া ইঁদুরের অন্ত্র ও যৌনাঙ্গে সপ্তাহ ও মাসব্যাপী প্রতিস্থাপিত করে কোনও রোগের চিহ্ন পাওয়া যায়নি। বরং তা থেকে এইচআইভি প্রতিরোধক এক ধরনের প্রোটিন উৎপন্ন হয়ে থাকে। সাধারণত অন্ত্র এবং প্রজনন পথেই এইচআইভি সংক্রমিত হয়ে থাকে। এসব স্থানের বিভিন্ন ধরনের অনুজীব শরীরকে ক্ষতিকর জীবানুর বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে থাকে।

গবেষকরা ধারণা করছেন, পরিবর্তিত ব্যাকটেরিয়াকে এসব অনুজীবের সাথে সফলভাবে সংযুক্ত করতে পারলে এইচআইভির বিস্তার রোধ করা সম্ভব হবে।

বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এটি বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

রাও-এর দল এক্ষেত্রে ব্যাকটেরিয়ার খুব ক্ষুদ্র অংশ ব্যবহার করেছেন, যা এর আগে যুক্তরাষ্ট্রে পেটের সমস্যা, যেমন, ক্রোনস রোগের নিরাময়ে ব্যবহার করা হয়েছিল।