‘বাঁশ ও বেত জাতীয় পণ্যের সম্ভাবনা এবং বাজার উন্নয়ন’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির বৈঠক মঙ্গলবার
‘বাঁশ ও বেত জাতীয় পণ্যের সম্ভাবনা এবং বাজার উন্নয়ন’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির বৈঠক মঙ্গলবার চট্টগ্রামে শুরু হচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র, নেপাল, মায়ানমার এবং নেদারল্যান্ডের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
এতে সভাপতিত্ব করবেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী।
বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারে বাস্তবায়নাধীন বিন বছর মেয়াদী এ প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।
প্রকল্পের লক্ষ্য হলো বাঁশ ও বেত জাতীয় পণ্যের মান উন্নয়ন, টেকসই করা এবং পশ্চিমা দেশে এসব পণ্যের বাজার তৈরী করা।
বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর পরিচালক এবং একই সাথে এ প্রকল্পের পরিচালক ড. আশরাফুল হক বিডিনিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে বাঁশ ও বেত জাতীয় হস্ত শিল্পের বিভিন্ন আইটেমের বিশ্বব্যাপী বাণিজ্য মূল্য পাঁচ থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার।
এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বাঁশ ও বেতের রপ্তানিবাজার সৃষ্টি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
