খুলনায় জোড়া খুন মামলায় ১১ জনের যাবজ্জীবন
খুলনার ডুমুরিয়া উপজেলায় জোড়া খুনের মামলার আদালত সোমবার ১১জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
খুলনা জেলা ও দায়রা জজ একেএম ইশতিয়াক হোসাইন এ রায় ঘোষণা করেন। ২০০০ সালের ১৪ মার্চ আদালতে এ মামলার চার্জ গঠন করা হয় এবং দুজন সাফাই সাক্ষীসহ ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে সারোয়ার, আব্দুল হক, নুর ইসলাম সরদার, রজিব আলী মালদী, আবদুল রউফ সরদার, মিজানুর রহমান ওরফে মন্টু, দিরাজ তুল্লাহ আকুঞ্জি, মাসুদ সরদার, আকরাম গাজী, দুলাল গাজী ও ইদ্রিস আকুঞ্জি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১১জন আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ২৮ আগস্ট রাত ১১টায় ডুমুরিয়া উপজেলার চেচুড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক এবং তার ভাই রশিদকে সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে নিজ গ্রাম থেকে ধরে নিয়ে মান্দা বাঁধ এলাকায় জাবাই করে হত্যা করে।
এঘটনায় নিহতদের ভাই আব্দুল মতিন ২৯ আগস্ট ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
