সরকারকে ২০০ সিএনজি বাস সংগ্রহে ঋণ সহায়তা দিচ্ছে এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় বিআরটিসির জন্য আরও ২০০ সিএনজি সিঙ্গেল ডেকার বাস সংগ্রহ করা হচ্ছে।
এডিবি এ ব্যাপারে মন্ত্রণালয়কে ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়াও এডিবি পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নেও কার্যকর সহায়তা দিতে সম্মত হয়েছে।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে বৈঠককালে এডিবির কান্ট্রি ডিরেক্টর মিস হুয়া ডু এ আশ্বাস দেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী এ সময় ঢাকা মহানগরীর যানজট নিরসনে ভূগর্ভস্থ মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে এডিবির সহায়তা কামনা করেন।
তিনি জানান, ঢাকার যানজট নিরসনে নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, দোহার, শ্রীনগর ও মুন্সিগঞ্জ এলাকা নিয়ে ভূগর্ভস্থ মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম রুটে দ্রুতগামী বৈদ্যুতিক রেল ব্যবস্থা প্রবর্তনের জন্য এ মাসেই আন্তর্জাতিকভাবে ইন্টারেস্ট অব এক্সপ্রেশন আহ্বান করা হবে।
