ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ’র গুলিতে নিহত ২ আহত ১০
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার সকালে হঠাৎ কসবা সীমান্তে সালদা নদীর কাছে কর্মরত দিনমজুরদের ওপর গুলি চালালে দুজন নিহত এবং আরও ১০জন আহত হয়।
বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) কমান্ডিং অফিসার কর্নেল নেসার আহমেদ জানান, ভারতীয় সীমান্তের কাছে দিনমজুররা সালদা নদী থেকে নৌকায় বালু তোলার সময় বিএসএফ’র সদস্যরা তাদের ওপর গুলি করতে থাকে।
এসময় গুলিতে ১০ জন আহত হয়। বিএসএফ অপর দুজনকে ধরে নিয়ে যায়।
কর্নেল নেসার জানান, তারা ধারণা করছেন, ওই দুই শ্রমিক মারা গেছে। এ ঘটনা নিয়ে তারা বিএসএফ’র সাথে আলোচনায় বসার চেষ্টা করছেন।
আহতদের কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিআর সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, ওই এলাকার লোকজন দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তোলার কাজে জড়িত রয়েছে। তারা এই বালু নির্মাণ প্রতিষ্ঠানের কাছে বিক্র করে। তিনি অভিযোগ করেন, বিএসএফ শ্রমিকদের ওপর হঠাৎ গুলি চালায়।
