নতুন প্রজাতির ফলের নার্সারি স্থাপন করবে প্রশিকা
উন্নত প্রজাতির বিভিন্ন ফলের নার্সারি এবং জার্মপ্লাজম সেন্টার স্থাপনের লক্ষ্যে বেসরকারি সংস্থা প্রশিকা সুইস ফাউন্ডেশন পরিচালিত ইন্টার কো-অপারেশনের সাথে মঙ্গলবার এক সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিজস্ব ব্যবস্থাপনায় জার্মপ্লাজম সেন্টার ও নার্সারির মাধ্যমে স্থানীয় জনগণকে উন্নত প্রজাতির ফলের কলম সরবরাহ করবে। পাশাপাশি পুষ্টিমানসম্পন্ন ফল প্রাপ্তিও নিশ্চিত করবে।
প্রাথমিক অবস্থায় ইন্টার কো-অপারেশনের সহায়তায় ছয়টি কেন্দ্রীয় জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্র স্থাপন ও ৬০টি উপজেলা নার্সারি মালিক সমিতি গঠন করা হবে এবং এর মাধ্যমে পরবর্তীতে উপজেলা পর্যায়ে জার্মপ্লাজম সেন্টার স্থাপন করা হবে।
প্রশিকা ভবনে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন প্রশিকা পরিচালক (প্রাকৃতিক সম্পদ) কাজী খাজে আলম ও ইন্টার করপোরেশনের কো-অর্ডিনেটর ফরিদ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে প্রশিকা প্রেসিডেন্ট ড. কাজী ফারুক আহম্মদ উপস্থিত ছিলেন।
