বান্দরবানে ১৫ হাজার রাউন্ড গুলি উদ্ধার
বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) সদস্যরা সোমবার বিকেলে বান্দরবানের গহীন জঙ্গল থেকে প্রায় ১৫ হাজার রাউন্ড গুলি এবং সেনাবাহিনীর ১৫ সেট পোশাক উদ্ধার করেছে।
তবে তারা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সেনাবাহিনী ও বিডিআর সূত্র জানায়, তারা জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কুমিরছড়া গ্রাম থেকে এ বিপুল পরিমাণ গোলাবারুদের চালান উদ্ধার করে।
তারা জানায়, আলী কদম এলাকা থেকে প্রায় ১৫ দিন আগে আটক দুই সন্ত্রাসীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী এ গোলাবারুদ ও পোশাক উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও সন্ত্রাসীদের ব্যবহৃত আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম তারা সেনাবাহিনীর চোখে ধূলা দেওয়ার কাজে ব্যবহার করে।
মাত্র দুদিন আগে একই এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ হাজারেরও বেশি গোলাবারুদ এবং ৩২টি পিস্তল উদ্ধার করে।
