দেশের ৬৫ লাখ লোক চরাঞ্চলে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে
দেশের চরাঞ্চলে প্রায় ৬৫ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। প্রশাসন ও সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে তাদের কোনও যোগাযোগ নেই বললেই চলে।
উন্নয়ন সমুন্বয় ও কনসার্ন বাংলাদেশের যৌথ উদ্যোগে সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘চরাঞ্চলের জীবন ও কনসার্ন বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক ওয়ার্কশপে সোমবার এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলার ডিমলার চরে কনসার্ন বাংলাদেশ পরিচালিত ডিমলা পল্লী উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপিত করেন ড. আতিউর রহমান। তিনি বলেন, চর এলাকার জনগণের সাথে সরকারের কোনও যোগাযোগ নেই। নদী ভাঙন, দূরত্ব, সরকারি-বেসরকারি সহযোগিতার অভাবে চরাঞ্চলের জনগণ দারিদ্রের মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছে বলে তিনি মত ব্যক্ত করেন।
তিনি দারিদ্র্য বিমোচন কৌশল পত্রে চরাঞ্চলের জনগণের ওপর বিশেষ গূরুত্ব আরোপের আহ্বান জানান। তিনি বলেন, মূল সমস্যা হচ্ছে চরাঞ্চলের সাথে সমতলের জনগণের যোগাযোগহীনতা। যোগাযোগের অভাবে এনজিওগুলো সেখানে যেতে নারাজ এবং সরকারের ক্ষুদ্রঋণ কার্যক্রমও সেখানে পরিচালিত হচ্ছে না বলে তিনি জানান।
তিনি বলেন, বন্যা, খরা, চাষের জমিতে বালি জমে যাওয়া ও নদীর তীর ভাঙার ফলে চরের জীবন ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিমলার চরের জনগণের অবস্থাও অন্যান্য চরের মতো বলেই ওয়ার্কশপে জানানো হয়। ওয়ার্কশপে বলা হয়, গত পাঁচ বছরে সেখানে ডিআরডিবি কার্যক্রম থাকায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। ডিমলার চরের জনগণের অর্থনৈতিক উন্নয়ন, মৌসুমে চর ছেড়ে যাওয়া কমিয়ে আনা, বয়স্ক শিক্ষা ও স্কুল শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে ডিআরডিবি ভূমিকা রেখেছে বলে ওয়ার্কশপে জানানো হয়।
ড. আতিউর রহমান বলেন, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি) গঠনে চরের জনগণকে সংগঠিত করার মাধ্যমে ডিমলার মতো অন্যান্য চরাঞ্চলেও জীবনমান উন্নয়ন সম্ভব।
ওয়ার্কশপে কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কলাম্বা ওডোওয়েড সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ক্ষুদ্র ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের মাধ্যমে এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।
যমুনার অন্যান্য চরেও একই ধরনের প্রকল্প পরিচালনার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিআরপিসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসাইন জিল্লুর রহমান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদ ও চরাঞ্চলের লোকজন উপস্থিত ছিলেন।
