উত্তরবঙ্গ সাংবাদিক ফোরামের ২০ দফা খসড়া প্রস্তাব
দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত উত্তরবঙ্গ সাংবাদিক ফোরাম উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে ২০ দফা খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে।
তারা এ প্রস্তাবের পক্ষে জনসচেতনতা গড়ে তোলার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফোরাম প্রস্তুতি সভা করার সিদ্ধান্ত নিয়েছে।
ফোরাম সূত্র জানায়, সভাগুলো অনুষ্ঠানের স্থান ও তারিখ হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরাগাঁও, নীলফামারীতে ৭ সেপ্টেম্বর; লালমনিরহাট ও কুড়িগ্রামে ৮ সেপ্টেম্বর; দিনাজপুর ও রংপুরে ১৩ সেপ্টেম্বর; জয়পুরহাট ও গাইবান্ধায় ১৫ সেপ্টেম্বর; রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ২২ সেপ্টেম্বর এবং পাবনা ও সিরাজগঞ্জে ২৭ সেপ্টেম্বর।
প্রস্তুতি সভার জন্যে ঢাকা থেকে সংগঠনটির সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মুফদি আহমেদসহ নেতৃবৃন্দ জেলাগুলোতে সফর করবেন বলে জানা গেছে। তারা স্থানীয় সাংবাদিক পেশাজীবী সাহিত্যিকসহ বিশিষ্ট জনদের সাথে প্রস্তাবিত খসড়া দাবি নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে ফোরামের ২০ দফা খসড়া প্রস্তাবের মধ্যে রয়েছে, উত্তরাঞ্চলের মরুকরণ প্রক্রিয়া রোধ, যমুনা সেতুর টোল প্রত্যাহার, বন্ধ শিল্প কারখানা চালু, ফল সবজি প্রসেসিং প্লান্ট স্থাপন, রূপনগর আনবিক শক্তি কেন্দ্র চালু করা, রেল যোগাযোগ উন্নয়ন, স্থল বন্দর স্থাপন, আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা।
