বোমা হামলার পর সাতক্ষীরায় জেএমবি ক্যাডাররা ছদ্মবেশে আত্মগোপন করেছে
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার পর থেকে সাতক্ষীরায় জেএমবি ক্যাডাররা তাদের বেশ পাল্টে আত্মগোপন করে রয়েছে।
অনেকেই দাড়ি-গোঁফ ছেটে ফেলেছে। তাদের পোশাকের ধরনেও পরিবর্তন এসেছে।
ঘন ঘন বেশ-ভুষা ও আস্তানা পাল্টানোর কারণে গোয়েন্দা ও পুলিশ গত চার দিনে নতুন কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সূত্র জানায়, বোমা হামলার সাথে জড়িত সন্দেহে ১০ দিনে পুলিশ সাতজন জেএমবি ক্যাডারকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মুন্না, নাসির, খোকন, উজ্জ্বলকে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ মুন্না ও নাসিরকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ডে নিয়েছে।
অন্যদিকে, পুলিশ পাবলিক লাইব্রেরি চত্বরে বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত লিটন, রশিদ ও আলমগীরের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তারকৃত জেএমবি ক্যাডাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সাতক্ষীরায় জেএমবি’র সব ক্যাডারই উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত। প্রশিক্ষণের সময় তারা ডামি রাইফেল, একে-৪৭ এবং গ্রেনেড ব্যবহার করতো। তারা বাগেরহাট, চট্টগ্রাম এবং সাতক্ষীরা সীমান্তে প্রশিক্ষণ নিতো।
অপর এক সূত্র জানায়, সাতক্ষীরা জেলায় আহলে হাদীসপন্থীদের ১৪/১৫টি মসজিদ ও মাদ্রাসা থেকে জেএমবি’র কর্মকাণ্ড চলে আসছিল। জেলার কুল্যা, মামুদপুর, খড়িয়াবিলা, গাংনিয়া, বাঁশদহ, কুশখালি, পাথরঘাটা ও কাকডাঙ্গায় রয়েছে তাদের প্রশিক্ষণ ক্যাম্প। প্রশিক্ষণের জন্যে তারা আহলে হাদীসপন্থীদের একটি অংশের পরিবারের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা নিতো।
তবে পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড তিন জেএমবি ক্যাডার-কলারোয়ার পুটুনি গ্রামের নাঈম, আশাশুনি থানার বুধহাটার হবি ও সাতক্ষীরা সদর থানার সাতানি গ্রামের আবুল খায়েরকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাদের নাম ওঠার পর থেকেই তারা পলাতক রয়েছে।
