গাজীপুর-টঙ্গীতে গত দেড় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০০, আহত দেড় শতাধিক
গাজীপুর ও টঙ্গীতে গত দেড় বছরে কমবেশি ২০/২৫টি ছোট-বড় দুর্ঘটনায় কমপক্ষে প্রায় একশ’ লোক নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছে। গাজীপুর হাসপাতাল সূত্র একথা জানায়।
সূত্র জানায়, ৮/১০টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলার প্রাণ কেন্দ্র চান্দনা চৌরাস্তা, টঙ্গী-পূবাইল রোড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুরের বানিয়াচালা, উত্তর সালনা এবং টঙ্গীর পূবাইল কালিগঞ্জ সড়কে এসব দুর্ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো গাড়ির বেপরোয়া গতি।
এছাড়া দুর্ঘটনা পরবর্তীতে পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয় বলে জানা গেছে। আর একারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।
গাড়ি চালকরা বেপরোয়া গতিতে গাড়ি না চালিয়ে সতর্কতা অবলম্বন করলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে অভিজ্ঞমহলের ধারণা।
