২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান প্রসবের পর তরুনীর অবস্থা আশংকাজনক, ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

ডাক্তারের অবহেলার কারণে বাংলাদেশ মেডিকেল কলেজে সন্তান প্রসবের পর এক তরুণীর আশঙ্কাজনক অবস্থাকে কেন্দ্র করে রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

‘ডাক্তারদের অবহেলার কারণে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে রোগিনী এখন মৃত্যুর সাথে লড়ছে,’ এই অভিযোগ করেছে আত্মীয় স্বজনরা।

জানা যায়, গত ১০ দিন আগে জান্নাতুল মাওয়া (২৩) নামের সন্তান সম্ভবা এক তরুণীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই সে এক সন্তান প্রসব করে।

তার স্বামী আসিফুর রহমান জানান, গত বৃহস্পতিবার হঠাৎ করে তার খিঁচুনি শুরু হলে আত্মীয় স্বজনরা উপস্থিত ডাক্তার ও নার্সদের চিকিৎসার জন্য বলে। কিন্তু তারা এটাকে স্বাভাবিক ব্যাপার বলে কোন চিকিৎসা করেনি। শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

‘ডাক্তাররা আমাদের জানিয়েছে যে, তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে,’ রোগীর এক আত্মীয় জানান।

অভিযুক্ত ডাক্তার ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে তারা বিডিনিউজকে জানান।

এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।