রাজধানীতে নির্মাণ শ্রমিক খুন
পুরোনো ঢাকার সূত্রাপুরে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছে।
নিহত শ্রমিকের নাম ফুলচাঁন মিয়া (৬৫)। সে ১৬৪/২/১ এর ডিস্ট্রিলারি রোডের বাসিন্দা। ১১ পিকে রায় রোডের নির্মাণাধীন ইসলামী টাওয়ারে কাজ করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার থেকে পাঁচ জনের একটি সন্ত্রাসী দল ফুলচাঁন মিয়াকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
খুনের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। শ্রমিকদের ধারনা, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ব্যাপারে সূত্রাপুর থানায় যোগাযোগ করা হলে তারা বলেন, এখনও খুনের কারণ সম্পর্কে তারা জানেন না। এ ঘটনায় কোনও মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
