২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাবের সাথে ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

ঢাকার অদূরে সাভারের আমিন বাজারের তুরাগ-ভাকুরতা সড়কের কাছে বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাবের সাথে ক্রসফায়ারে চার হত্যা মামলার আসামী ও সন্ত্রাসী নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত মোজাহার হোসেন মোজা (২৮) সাভার থানার আমিন বাজার ইউনিয়নের বরদেশি গ্রামের আহমদ হোসেনের পুত্র।

র‌্যাব জানায়, ঢাকার মিরপুর থেকে বুধবার রাত ১০টায় গ্রেপ্তারকৃত মোজাহারকে অস্ত্র উদ্ধারের জন্য রাত বারোটার দিকে আমিন বাজারের তুরাগ-ভাকুরতা সড়কে এক পরিত্যক্ত বাড়ির কাছে নিয়ে গেলে তার সহযোগী সন্ত্রাসীরা তাকে উদ্ধার করার জন্য র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে মোজাহার নিহত হয়। র‌্যাব-সন্ত্রাসী গুলি বিনিময়ের সময় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছে।

র‌্যাব সদস্যরা ওই স্থান থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও ৬২ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছে।

পুলিশ বৃহস্পতিবার সকাল ৮টায় লাশ উদ্ধার করে সাভার থানায় নিয়ে গেছে। পরিত্যক্ত বাড়িটিতে ডায়মন্ড এন্টারপ্রাইজের সাইনবোর্ড লাগানো রয়েছে।

নিহত মোজাহার চারটি হত্যা মামলাসহ এক ডজন মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। সে আমিন বাজারের এসআই মতিয়ার হত্যা মামলার আসামী।