জিয়া বিমানবন্দরে জামা’আতুল মুজাহিদীনের কথিত নেতা আটক
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সকালে জঙ্গি সন্দেহে র্যাব সদস্যরা এমিরেটস এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটের একজন যাত্রীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তির নাম মাওলানা ফরিদ উদ্দিন মাকসুদ (৫৭)।
বিমানবন্দর সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইন্সের ঢাকা-দুবাই-লন্ডন রুটের ফ্লাইট (ইকে-৫৮২) সকাল ৮টা ৪০ মিনিটে জিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে ওই ফ্লাইটের যাত্রী মওলানা ফরিদকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। র্যাবের গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে তাকে অফ লোড করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় র্যাব কর্তৃপক্ষের কাছে।
পুলিশের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজকে বলেন, র্যাব-১ কর্তৃক আটককৃত মাওলানা ফরিদ সন্দেহভাজন জামা’আতুল মুজাহিদীনের একজন শীর্ষ স্থানীয় নেতা। সারাদেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার সঙ্গে তার প্রত্যক্ষ যোগসাজসের অভিযোগ রয়েছে।
তবে র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার, র্যাবের মুখপাত্র স্কোয়াড্রন লিডার ফজল এবং বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার ওসি মতিউর রহমান এ বিষয়ে আদৌ অবহিত নন বলে বিডিনিউজকে জানান।
